ঢাকা, বাংলাদেশ ।     বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন,  ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলে যুবকের মৃত্যু

ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীতে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত অজ্ঞাত এক যুবকের (আনুমানিক ৩৫) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়।

উদ্ধারকারী পথচারী ফয়েজ জানান, কুর্মিটোলা এলাকায় চলন্ত ট্রেনে ছিনতাইকারীরা ওই যুবকের ওপর হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে ওসেকে তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Copyright © janatarkolom.com All Right Reserved.


Developed By Monoputo