মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মধ্য হাউসদী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবীণ ও প্রবাসী ব্যক্তির বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতালি প্রবাসী মো. আনোয়ার হোসেন নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মাদারীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস হাওলাদার, তাঁর বড় ভাই ওলিউর রহমান ও বাবা সাহেদ আলী হাওলাদারসহ তাঁদের লোকজনের বিরুদ্ধে। বর্তমানে গুরুতর আহত আনোয়ার হোসেন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুধখালী ইউনিয়নের মধ্য হাউসদী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধের জেরে অ্যাডভোকেট ইলিয়াস হাওলাদার, তাঁর বড় ভাই ওলিউর রহমান, বাবা সাহেদ আলী হাওলাদারসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে ওই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অ্যাডভোকেট ইলিয়াস হাওলাদার ও তাঁর স্ত্রী আবিদা বেগম তাঁদের শ্বশুরবাড়ি থেকে লোকজন ডেকে এবং ভাড়া করে ওই হামলায় নিয়ে আসেন। পরিবারের দাবি, দুর্গাবর্দী গ্রামের আচমত মাস্টারের ছেলে দিদার, মতলেব খার ছেলে আলীসহ আরও অজ্ঞাতনামা ১০-১২ জনকে ভাড়া করে আনা হয় এবং তাঁদেরও হামলা ও ভাঙচুরে সম্পৃক্ত করা হয়।
হামলাকারীরা বসতঘরের বারান্দা ও জানালার গ্রিল কুপিয়ে ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক ভাঙচুর চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় গৃহকর্তা আনোয়ার হোসেন বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে পাঁজর ও মেরুদণ্ডে গুরুতর জখম করা হয়।
এ ছাড়া ঘরের আলমারি ভেঙে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুটেরও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত আনোয়ার হোসেনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জমি দখল ও নির্মাণকাজ নিয়ে থানায় অভিযোগ এবং স্থানীয় সালিশের পরও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর রাতে এই হামলার ঘটনা ঘটে বলে তারা দাবি করছে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভুক্তভোগীর বড় ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অ্যাডভোকেট ইলিয়াস হাওলাদার, তাঁর বড় ভাই ও বাবা-সহ এজাহারনামীয় ৭ জন এবং অজ্ঞাত আরও ৭–৮ জনের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদী পক্ষ থেকে এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
এদিকে, অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট ইলিয়াস হাওলাদার ও তাঁর পরিবারের বক্তব্য জানতে তাঁদের বাড়িতে যোগাযোগ করা হলে তাঁদের পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মামলার পর থেকে অভিযুক্তরা এলাকায় নেই। তবে তারা কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।